মাত্র কয়েকদিন আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচদিনের মাথায় তিনি হারান তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রিয়জন হারানোর এই শোকের সময়ে তাকে সান্ত্বনা দিতে প্রতিদিনই নানা শ্রেণি-পেশার মানুষ গুলশান কার্যালয়ে এসে সমবেদনা জানাচ্ছেন।
সোমবার এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই। সমবেদনা জানাতে আসা এক বয়স্ক নারী মাতৃস্নেহে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন।
ওই নারী হলেন বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম। মাতৃসুলভ এই ভালোবাসার দৃশ্য মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যদের মুখেও হাসি ফুটে ওঠে। এমন হৃদয়স্পর্শী মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আবেগের সৃষ্টি করে। অনেকেই ঘটনাটিকে মানবিকতা ও রাজনৈতিক সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।