আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা–৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয়। খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে উদ্বেগ তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যেকোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি অসম্মান। সেই কারণেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ইশরাক হোসেন আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ যেন না হয়, সে বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এ সময় তিনি ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করা হবে বলে জানান তিনি।