হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, আসন সমঝোতায় অংশ নেওয়ার অর্থ একেবারে খালি হাতে ফিরে যাওয়া নয় এবং নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করা হবে না।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে ইতোমধ্যে অনেক ছাড় দেওয়া হয়েছে এবং একাধিক আসন অন্য দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে নারায়ণগঞ্জ-৪ আসন খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, তাই এ আসন ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, খেলাফত মজলিসের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেই আসনগুলো নিয়েই দল নির্বাচনী লড়াইয়ে যাবে। রিকশা প্রতীকের প্রার্থী খন্দকার আনোয়ারের জন্য নারায়ণগঞ্জ-৪ অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য এখনো অটুট রয়েছে জানিয়ে মামুনুল হক বলেন, দাবিকৃত আসনগুলো আদায়ের বিষয়ে তারা আশাবাদী। তবে যদি শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে নারায়ণগঞ্জ-৪ আসনে এককভাবেই নির্বাচনে অংশ নিতে খেলাফত মজলিস প্রস্তুত রয়েছে।