রাজনীতিবিদ না হয়েও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নতুন নাম জাইমা রহমান। জিয়া পরিবারের সর্বশেষ আলোচিত এই সদস্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনার শেষ নেই। আলোচনার সূত্রপাত গত ২৫ ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমান-এর সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে।
এরপর প্রকাশ্যে যতবারই জাইমা রহমানের উপস্থিতি দেখা গেছে, প্রতিবারই তিনি কেড়েছেন সবার দৃষ্টি। দাদি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রয়াণে শোকাহত পরিবারের পাশে নীরবে দায়িত্ব সামলাতে দেখা যায় তাকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি সাধারণ মানুষের মাঝেও কৌতূহল সৃষ্টি করেছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমা রহমানকে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। প্রশ্ন উঠছে, দাদির রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি কি বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন?
এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও সম্ভাবনা উড়িয়ে দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকা সহজ নয়। দীর্ঘদিনের ত্যাগ ও অভিজ্ঞতা তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির কাছাকাছি নিয়ে এসেছে।
উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমানো জাইমা রহমান আজ পরিণত ও আত্মবিশ্বাসী। তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে—সে উত্তর দেবে সময়ই।