ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তাহলে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবার আগে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেও তাদের প্রকাশ্যে অবস্থান নিতে হবে।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন এখন স্পষ্টভাবে বিএনপির দিকে হেলে পড়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলের মতো আবারও সরকারি কর্মকর্তারা অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে ছুটে গেছেন। আমরা চাই না কেউ আবার গোলামির রাজনীতির দিকে ফিরে যাক।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজও সরকার শনাক্ত করতে পারেনি। হাদির আজাদির লড়াই আজ থেকেই নতুনভাবে শুরু হলো। এগারো দলীয় জোট এখন আজাদির জোট হিসেবে কাজ করবে এবং গোলামির রাজনীতি প্রত্যাখ্যান করবে।
তিনি জানান, শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রচারণায় কেবল আজাদির বার্তাই থাকবে, অন্য কোনো এজেন্ডা সামনে আনা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।