আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার দাখিল করা হলফনামা প্রকাশের পর রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
হলফনামায় দেখা গেছে, প্রার্থী তারেক রহমানের নিজের নামে কোনো বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এমনকি তার কাছে কোনো নগদ অর্থও নেই বলে উল্লেখ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ঢাকা-১২ আসনের প্রার্থীদের মধ্যে তাকে ‘সবচেয়ে গরিব’ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। পেশায় তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করলেও তার বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা।
ব্যাংক হিসাবে ডাচ-বাংলা ব্যাংকে তার নামে জমা রয়েছে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা। তার নিজের বা স্ত্রীর নামে কোনো স্বর্ণালঙ্কার নেই, নেই শেয়ারবাজারে বিনিয়োগ কিংবা কোনো বিমা পলিসি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার নামে কোনো কৃষিজমি বা অকৃষিজমি নেই এবং উত্তরাধিকার সূত্রেও তিনি কোনো সম্পদের মালিক নন। রাজউকের কোনো প্লট বা ফ্ল্যাটও নেই তার নামে। তবে ইতিবাচক দিক হলো, তার কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায় নেই। ২০২৫–২৬ অর্থবছরে তিনি মাত্র ৫ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন।
উল্লেখ্য, ঢাকা-১২ আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই আসন থেকে আমজনতার হয়ে ভোটের লড়াইয়ে নামছেন তারেক রহমান।