রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (সিকিউরিটি ক্লিয়ারেন্স ফোর্স)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি বাড়ি ও আশপাশে থাকা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অসংলগ্ন হওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
এর কিছুক্ষণ পর সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনার পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি বা পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।