জুলাই অভ্যুত্থানের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ জানুয়ারি) ঢাকার ছয়টি স্থানে একযোগে অবস্থান নেওয়া হবে।
কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, পল্লবী, মিরপুর-১০, উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার দুপুর ১২টা থেকে এসব স্থানে অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে— আগামী ২৪ দিনের মধ্যে খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাচক্রের বিচার সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা করা; এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে তাকে দাফন করা হয়।
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের এই ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।