হলফনামায় পেশাগত তথ্য ও নাগরিকত্বসংক্রান্ত ত্রুটি সংশোধনের মাধ্যমে ঢাকা–১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। প্রাথমিক যাচাইয়ে তাদের মনোনয়নপত্রে কিছু কারিগরি ও তথ্যগত অসংগতি ধরা পড়লেও শুনানির সময় প্রয়োজনীয় সংশোধনী ও ব্যাখ্যা উপস্থাপন করায় প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ঢাকা–১৩ আসনে মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই–বাছাই শেষে ৬টি বৈধ এবং ৫টি বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—মামুনুল হক (খেলাফত মজলিস), ববি হাজ্জাজ (বিএনপি), সোহেল রানা (স্বতন্ত্র), মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) এবং ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব)।
অন্যদিকে শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মিজানুর রহমান (গণ অধিকার পরিষদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), মো. খালেকুজ্জামান (বাসদ) ও রাজু আহমেদ (আমজনতার দল)–এর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।