ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, “এ ধরনের একটি উগ্র রাষ্ট্রকে কোনোভাবেই আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আলোচনা করে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা প্রয়োজন।”
তিনি আরও লেখেন, “৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনে একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়রা সম্পূর্ণ নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের মাটিতে কখনোই ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা বা সম্মান নিয়ে প্রশ্ন ওঠেনি।”
এই মন্তব্যের প্রেক্ষাপটে সম্প্রতি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স–এর সিদ্ধান্তের কথাও উঠে আসে। জানা যায়, দলটি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান–কে দলে নিলেও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে তাকে বাদ দেয়।
এ ঘটনাকে ক্রীড়াক্ষেত্রে রাজনীতি ও সাম্প্রদায়িক প্রভাবের উদাহরণ হিসেবে দেখছেন অনেকে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে হওয়া উচিত, যেখানে কোনো দেশ বা খেলোয়াড়কে রাজনৈতিক কিংবা ধর্মীয় চাপের মুখে পড়তে না হয়।