নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে ক্যাডার ও লাঠিসোঁটা নিয়ে মারামারি করতে যেতে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীতে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তারা এমন একটি নির্বাচন প্রত্যাশা করেছিলেন যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্ভয়ে মাঠে থাকতে পারবেন এবং ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, “নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে, হামলার ঘটনা ঘটেছে এবং তার কর্মীদের তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নির্বাচনে অংশ না নিতে সরাসরি হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই ওই আন্দোলনের পক্ষে ছিল। কিন্তু এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে যে তারা আন্দোলনের বিপক্ষে ছিল, যার ফলে তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হয়, তাহলে নির্বাচন ঘিরে সহিংসতা আরও বাড়তে পারে। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।