জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাস–এর রাজনৈতিক জীবনে জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাল্লাহ, এবারের নির্বাচনে শাপলা কলি জয়ী হবে।” শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তা গ্রহণযোগ্য নয় এবং নির্বাচন আচরণবিধির পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের নির্লিপ্ত ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। “এ অবস্থায় নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত,” মন্তব্য করে তিনি কমিশনের পদত্যাগ দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। মাঠে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে জনগণের আস্থা নষ্ট হবে। এনসিপি এই অবস্থার পরিবর্তন চায় এবং স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজপথে ও সাংবিধানিক পথে লড়াই চালিয়ে যাবে।
নাসিরুদ্দিন পাটোয়ারীর মতে, জনগণ এবার নতুন নেতৃত্ব ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে রায় দেবে। তিনি বলেন, ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর সেই লক্ষ্যেই এনসিপি দৃঢ় অবস্থানে রয়েছে।