বিএনপির চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া–এর জীবনের দীর্ঘ একটি সময়জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। বাসভবন, দলীয় কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার।
সবখানেই দেড় দশকের বেশি সময় খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকেই দেখা গেল তাঁর নাতনি জাইমা রহমান–এর পাশে।
শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাদির কবর জিয়ারত করতে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা বেগম। বহনকারী গাড়ি থেকে নামার সময় জাইমার ঠিক পেছনেই ফাতেমাকে দেখা যায়।
এ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিএনপির একটি সূত্র জানায়, দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজে এখন নিয়মিতভাবে জাইমা রহমানের সঙ্গ দিচ্ছেন ফাতেমা।
দলীয় সূত্র জানায়, ২০১০ সালে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় কাজ শুরু করেন ফাতেমা বেগম। শুরুতে গৃহকর্মী হলেও সময়ের সঙ্গে তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন।
২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে আইনজীবীদের আবেদনে ফাতেমাকে গৃহপরিচারিকা হিসেবে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয় এবং তিনি প্রায় ২৫ মাস স্বেচ্ছায় কারাগারেই অবস্থান করেন।
স্বল্পভাষী ফাতেমা বেগমের বয়স প্রায় ৪০ বছর। ভোলা জেলার বাসিন্দা এই নারী এক সন্তানের জননী। খালেদা জিয়ার জীবনে নীরব দায়িত্ব পালনের পর এবার জাইমা রহমানের পাশে তার উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।