ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা নির্বাচনী ব্যয় নির্বাহে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা খরচ করবেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় ব্যয়ের সম্ভাব্য উৎস হিসেবে তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে তিনি মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগের আগে দলটির সঙ্গে সম্পৃক্ত থাকাকালে এই অর্থ সংগ্রহ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী ব্যয় মেটাতে নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয় থেকে ২৩ লাখ টাকা ব্যবহারের কথা জানিয়েছেন তাসনিম জারা। পাশাপাশি বিদেশি আয়ের অংশ হিসেবে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড থাকার কথাও হলফনামায় উল্লেখ করেন।
আয়ের বিবরণীতে বলা হয়েছে, দেশের ভেতরে চাকরি করে তার বাৎসরিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র ২৬৪ টাকা।
দেশের বাইরে একই খাত থেকে তার আয় হয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
সম্পদ সংক্রান্ত তথ্যে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তবে তার নামে কোনো স্থাবর সম্পদ নেই।