প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী–এর ছেলে মাসুদ সাঈদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাঈদী নিজেকে পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, তার স্ত্রীর সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। পাশাপাশি তার ওপর নির্ভরশীলদের বাৎসরিক আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
আইনি বিষয় সংক্রান্ত তথ্য অনুযায়ী, মাসুদ সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা ছিল। তবে এসব মামলার সবকটিতেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আর্থিক বিবরণীতে দেখা যায়, তার কাছে নগদ অর্থ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা। ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার মোট জমা রয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। এ ছাড়া তার মালিকানায় রয়েছে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৩০ হাজার টাকার আসবাবপত্র। তিনি ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ির মালিক।
স্বর্ণালংকারের হিসাবে নিজের কাছে ১০ ভরি এবং স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ থাকার কথাও উল্লেখ করেছেন মাসুদ সাঈদী।
হলফনামা অনুযায়ী, বিদেশি রেমিট্যান্স হিসেবে তার কাছে রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। পাশাপাশি ‘মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসি’ প্রতিষ্ঠানে তার ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে।
ঋণ সংক্রান্ত তথ্যের অংশে তিনি উল্লেখ করেন, ব্যাংক ও অন্যান্য খাতে তার ব্যক্তিগত ঋণের পরিমাণ ২০ লাখ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখা থেকে নেওয়া ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের কথাও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
সর্বশেষ অর্থবছরে আয়কর হিসেবে তিনি ৬ হাজার ৮০৬ টাকা পরিশোধ করেছেন বলেও তার দাখিল করা হলফনামায় উল্লেখ রয়েছে।