আগামী জাতীয় নির্বাচন নতুন বাংলাদেশ গঠনের সুযোগ—এ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভোট ডাকাতি বা জোরপূর্বক ফল পরিবর্তনের যেকোনো চেষ্টা ঠেকাতে সাহসী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আজহারুল ইসলাম।
তিনি আরও বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকে দুনিয়ার স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিলেও জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। সে জন্য আরও সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনে সংসদ সদস্য প্রার্থী আহসান হাবীব মাসুদ। এ সময় জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসেন মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান,
মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ ও শহর সেক্রেটারি সাইফুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।