আওয়ামী স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি-কে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে দেশে বাকশালী মুজিববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে এবং বিচারের প্রশ্নে এই দুই দলকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না—এমন দাবি তুলে ধরে সংগঠনটি।
ফাহিম ফারুকী আরও অভিযোগ করেন, জুলাই গণআন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর-এর ওপর হামলার ঘটনাতেও জাতীয় পার্টির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এসব ঘটনায় দলটির বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
মঞ্চ-২৪ জানায়, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের গণহত্যা ও দমন-পীড়নে সহযোগীদের বিরুদ্ধে সরকারকে ইতোমধ্যে দুই দফা উকিল নোটিশ পাঠানো হয়েছে। এর একটি দিয়েছে এনসিপির এক নেতা এবং অন্যটি দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নিলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।