ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আগামী ৯ জানুয়ারি রাজধানীতে এ মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল দলটি।
তবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং চলমান নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।