সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপসহীন নেত্রী—এ মন্তব্য করে দেশবাসীর প্রতি তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান-এ অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মামুনুল হক। এ সময় তিনি কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামী শরিয়াহ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানিয়ে মামুনুল হক বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে এমনটি মনে হতে পারে যে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এ কারণে ওলামায়ে কেরাম কিবলার দিকে মুখ করে দোয়া করার কথা বলে থাকেন। তিনি বলেন, যে কোনো নেক আমল করে—কবরের পাশে দাঁড়িয়ে হোক কিংবা দূরে থেকে—যে কোনো মুমিন মুসলমানের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করা যায়।
তিনি আরও বলেন, মৃত্যুর পর মানুষের আর কোনো পার্থিব চাহিদা থাকে না। মৃত ব্যক্তির একমাত্র চাওয়া হলো—তাঁর জীবিত আপনজন যেন তাঁর জন্য নেক আমল করে এবং সওয়াব প্রেরণ করে। এটাই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে প্রকৃত ভালোবাসা ও ভক্তির প্রমাণ।
কবর জিয়ারতকারীদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, যারা এখানে আসছেন, তারা যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী কবর জিয়ারত করেন। ইসলামে যে পদ্ধতি নির্ধারিত রয়েছে, সেই সুন্নত তরিকা সম্পর্কে জেনে ও বুঝে কবর জিয়ারত করা উচিত।
খালেদা জিয়ার কবর জিয়ারতের প্রসঙ্গে তিনি বলেন, পবিত্র জুমার দিনে নামাজ শেষে তিনি এখানে এসেছেন। এখানে বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবরের পাশেই সদ্য সমাহিত তাঁর সহধর্মিণী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। তিনি জানান, কোরআন তেলাওয়াত ও সূরা ফাতেহাসহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
মামুনুল হক বলেন, আল্লাহ যেন তাঁদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, ভুলত্রুটি ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন—এই দোয়াই করা হয়েছে।