মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় হামিদুর রহমান আজাদ তার বিরুদ্ধে মোট ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি কিংবা মামলা প্রত্যাহারের কথা জানান। বাকি দুটি মামলা এখনো চলমান রয়েছে। এসব মামলার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা, যা ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন থাকলেও হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করেছেন।
অন্য মামলাটি আদালত অবমাননা সংক্রান্ত, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দায়ের হয়েছিল এবং বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এ মামলার বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তাদের মতে, এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি সমাধান হবে।