শত অত্যাচার সহ্য করেও দেশের স্বার্থে ও মানুষের স্বার্থে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যান-এ খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, মানুষের মুখের দিকে তাকিয়েই তিনি তা সহ্য করেছেন এবং গণতন্ত্রের পথকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। তাঁর ভাষায়, বাংলাদেশ আজ গণতন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও সেই গণতন্ত্রের বাস্তবায়ন তিনি দেখে যেতে পারেননি—এটাই সবচেয়ে বড় বেদনা।
মির্জা আব্বাস আরও বলেন, বিএনপির রাজনৈতিক অবস্থান শক্ত ও সুসংহত করার পেছনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সময়ে খালেদা জিয়ার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যার ফলেই তাঁকে অকালেই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে।
অশ্রুসিক্ত মানুষের ঢল
এদিকে জুমার নামাজের পর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা অসংখ্য মানুষের চোখে ছিল অশ্রু। কেউ এসেছেন দলের নেতা-কর্মী হিসেবে, কেউ সমর্থক হিসেবে, আবার কেউ এসেছেন শুধুই একজন প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কবর জিয়ারতে আসেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
ভোলা জেলার লালমোহন থেকে আসা ৬২ বছর বয়সী আবুল কালাম বলেন, নেত্রীর জানাজায় উপস্থিত থাকতে না পারায় তিনি কবর জিয়ারতে এসেছেন। বৃহস্পতিবারও এসেছিলেন, শুক্রবার আবার এসেছেন। তাঁর ভাষায়, খালেদা জিয়ার মতো নেতৃত্ব বাংলাদেশে আর আসবে না।