নির্বাচনে জাতীয় পার্টি-র অংশগ্রহণকে কার্যত আওয়ামী লীগ-এর অংশগ্রহণের সমান বলে মন্তব্য করেছেন জুলাই মঞ্চ-এর সদস্যরা। তাঁদের দাবি, জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে; ফলে তাদের মনোনয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই মঞ্চের সদস্যরা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডসহ ওই আন্দোলনে নিহত সবার বিচার নিশ্চিত করতে হবে। তাঁদের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলের লোকজন এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বহাল রয়েছে এবং তারাই আবার জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে।
জুলাই মঞ্চের সদস্যরা আরও বলেন, জাতীয় পার্টিকে সামনে রেখে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, এ ক্ষেত্রে ভারতের সহায়তাও রয়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হতে চাইছে।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, তবে এর বিরুদ্ধে আবারও একটি নতুন জুলাই আন্দোলন গড়ে তোলা হবে।