জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাঁর আয় কমে গেছে। তিনি বলেন, “আমার আয় দিনের আলোর মতো স্পষ্ট। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন, দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলেন। কোনো রকমে আমাদের সংসার চলত। চাইলে আপনারা মোবাইলে দেখেই জানতে পারবেন আমি কত টাকা ইনকাম করি।”
শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার পৌরমিলনায়তনের হলরুমে বিএনপির চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ১২ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তিনি বলেন, “জুলাই বিপ্লবের আগে আমার আয় বেশি ছিল, বিপ্লবের পর তা কমেছে। অন্যদের আয় বাড়লেও আমারটা কমেছে।”
তিনি মরহুম খালেদা জিয়াকে একজন আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, স্বৈরাচারের নির্যাতনেও তিনি কখনো আপস করেননি এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, সে সময় মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। একই সঙ্গে তিনি রাজনৈতিক সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার আহ্বান জানান।