দেশের স্বার্থে আগামীতেও বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই মূলত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, পরম করুণাময় আল্লাহর কাছে তিনি মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করার দোয়া করছেন। একই সঙ্গে তিনি বলেন, শোকের এই সময়ে দেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, তার ওপর দাঁড়িয়ে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেই ঐক্য বজায় রেখে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যৌথভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।