বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রয়াণ নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং তার চলে যাওয়ার মধ্য দিয়ে সারাদেশের মানুষের মধ্যে যে আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, সেটিই আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-এ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “মানুষের আবেগ ও ভালোবাসা ভোটে রূপ নেবে। বিপুল ভোটে বিএনপি বিজয়ী হয়ে জনগণের কল্যাণে সরকার গঠন করবে।”
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের অন্তরে চিরজাগরুক হয়ে আছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের মানুষের জন্য তার ত্যাগ এবং অবদান জনগণ গভীরভাবে উপলব্ধি করেছে বলেই তার জানাজায় অংশ নিতে সারাদেশ থেকে মানুষের ঢল নেমেছিল।
বিএনপি মহাসচিব আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনকে খালেদা জিয়া আজীবন শক্তিশালী করেছেন। সেই আদর্শ ও চেতনাকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাবে।