আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে সারজিস আলম বলেন, “১ জানুয়ারি ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে।” তিনি এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের ১৮ দিন পর রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্তরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।