র্যাবকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “র্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, কেউ প্রমাণ দেখাতে পারবে না।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যান-এ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাবর। তিনি জানান, জনগণের জানমাল রক্ষার বিষয়ে খালেদা জিয়া ছিলেন আপসহীন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্নে তিনি কখনো রাজনৈতিক চাপ বা ছাড় দেননি।
বাবর বলেন, “আমি যখন যা চেয়েছি, তিনি আমাকে তাই দিয়েছেন। অন্যায় করলে বিএনপির নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।” তিনি আরও বলেন, দীর্ঘদিন নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং তার দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান নিজের চোখে দেখেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবর বলেন, এদিন তার এখানে আসার পেছনে কোনো রাজনৈতিক কর্মসূচি বা পরিকল্পনা নেই। “এটা আমার ব্যক্তিগত আবেগ। সকালে ঘুম থেকে উঠে সরাসরি এখানে এসেছি,” বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই তিনি জিয়া উদ্যানে এসেছেন বলেও জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।