ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়—ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়াই হোক নতুন বছরের অঙ্গীকার। নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি দেশ-বিদেশের সব মানুষের জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
তারেক রহমান বলেন, নতুন বছরের আগমন পুরোনো বছরের গ্লানি মুছে নতুন আশা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ১ জানুয়ারি আজ বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে নানা জাতি ও সংস্কৃতি নিজেদের ঐতিহ্য বজায় রেখেই অংশগ্রহণ করছে। তিনি উল্লেখ করেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়; এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন বছরে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা নতুন করে দেখছি। এমন একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা আমাদের, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ স্বাধীন থাকবে এবং সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, গত বছরটি অর্জন ও সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনাও আমাদের স্মরণ করিয়ে দেয়।
তারেক রহমান আরও বলেন, নববর্ষে আমাদের অঙ্গীকার হতে হবে—অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। গণতন্ত্র পুনরুজ্জীবনের লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।