বার্ষিক আয়ের দিক থেকে দেশের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে,
পেশায় ব্যবসায়ী নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষিত আয়ের চেয়েও বেশি।
হলফনামা অনুযায়ী, নুরের ব্যবসা থেকে বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তুলনামূলকভাবে তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, ডা. শফিকুর রহমানের আয় ৩ লাখ ৬০ হাজার টাকা এবং নাহিদ ইসলামের আয় ১৬ লাখ টাকা।
মোট সম্পদের হিসাবে নুরের সম্পদের পরিমাণ ৯০ লাখ ৪৩ হাজার ৮৪১ টাকা। এর মধ্যে নগদ অর্থ, ব্যাংক জমা, কোম্পানি শেয়ার এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানত রয়েছে। এছাড়া তার ও তার স্ত্রীর নামে কৃষিজমিও রয়েছে। নুরের কোনো ব্যাংক ঋণ নেই, তবে দায় হিসেবে উল্লেখ করা হয়েছে প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা।
পারিবারিকভাবে তিন সন্তানের জনক নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।