সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–কে স্মরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া স্পষ্টভাবে বলতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই।
তিনি বলেন, জনগণের কল্যাণে খালেদা জিয়া একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনা ও নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ বিশ্বদরবারে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পায়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশে খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরেন নজরুল ইসলাম খান। বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে তার উত্থান এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল–সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউ–এর জানাজাস্থলে আনা হয়। দুপুর ২টা ৫ মিনিটে সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজাস্থলে উপস্থিত ছিলেন।