জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের–এর তুলনায় তার স্ত্রীর ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। হলফনামায় দেওয়া তথ্যে দেখা গেছে, স্থাবর–অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলিয়ে ডা. তাহেরের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা, আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ ৫ কোটি ৫০ লাখ টাকা।
হলফনামার আইনি তথ্য অংশে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলেও হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেন।
সম্পদের বিবরণে দেখা যায়, ডা. তাহেরের নামে ১০ শতক কৃষিজমি ও ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে ০ দশমিক ৮ একর ও ১৫ কাঠা জমি, যার মূল্য দেখানো হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। এছাড়া স্ত্রীর নামে তিনটি বাড়ি রয়েছে, যার মোট মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে স্থাবর সম্পত্তিতে ডা. তাহেরের রয়েছে ১ কোটি টাকা, আর তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা।
অস্থাবর সম্পদের ক্ষেত্রে স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে প্রায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। এর মধ্যে এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্রে বিনিয়োগ দেখানো হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা। সব মিলিয়ে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা।
নগদ অর্থের হিসাবে ডা. তাহেরের কাছে রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা, আর তার স্ত্রীর কাছে রয়েছে ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটির নামে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল–আরাফাহ ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, কুমিল্লার ১১টি আসনের মধ্যে এই আসনেই তার জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।