এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে।
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা দলে দলে হাসপাতালে ছুটে আসেন। সেখানে গিয়ে দেখা যায়, অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, কেউ কেউ শোকের ভারে মাটিতে লুটিয়ে পড়ছেন। আবেগে বাকরুদ্ধ হয়ে এক নেতাকর্মী বিলাপ করে বলেন,
“আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন। হে বাংলার মাটি, তুমি কী হারালে!”—এই আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা।
ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখেছে। তিনি অসুস্থ হওয়ার পর থেকেই দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার দেশ গড়ার স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে—এই আশাবাদ তারা রাখেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।