বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তা, ধৈর্য ও সহনশীলতাকে তরুণ রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় ডা. তাসনিম জারা লেখেন, রাজনীতির কঠিনতম সময়গুলোতেও খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ রাজনৈতিক জীবনের স্বাভাবিক অংশ হলেও, তার ধৈর্য, সহনশীলতা এবং দৃঢ় অবস্থান সবসময় সম্মানযোগ্য ছিল বলে মন্তব্য করেন তিনি।
শোকবার্তায় তিনি আরও লেখেন, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ দীর্ঘদিনের নানা জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি সংকটাপন্ন হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।