জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে তিনি চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহর সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয়নি। ছেলের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আগেও ছিল না, এখনো নাই। আমি তাকে কোনোদিন দেখিই নাই। তাকে নিয়ে আমি কীভাবে মন্তব্য করবো।”
তিনি আরও বলেন, ভোটের মাঠে তিনি দ্বিমুখী বা ত্রিমুখী হিসাব বুঝেন না। তিনি সবসময় চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন করেছেন এবং এবারও সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে কাজ করছেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবারে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।