নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী–র মনোনয়নপত্রও দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লুৎফুজ্জামান বাবর নিজ হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত সময়ে তিনি নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যেই উভয় মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নেত্রকোনা-৪ আসনে একদিকে বিএনপির প্রার্থী হিসেবে বাবর এবং অন্যদিকে স্বতন্ত্র হিসেবে তাঁর স্ত্রীর প্রার্থিতা ঘিরে এলাকায় রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছে।