দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আসর ও মাগরিবের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে দলীয় কার্যালয়ে তাঁর প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর পর তারেক রহমান সেখানে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি দলের জ্যেষ্ঠ নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় পর তাঁকে কেন্দ্রীয় কার্যালয়ে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, এই সাক্ষাৎকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও সাংগঠনিক চাঙাভাব লক্ষ্য করা গেছে।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিতি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
দলীয় নেতারা মনে করছেন, কেন্দ্রীয় কার্যালয়ে নামাজ আদায় ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎের মধ্য দিয়ে তারেক রহমান সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার বার্তা দিয়েছেন।