আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ওই আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি, যিনি সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। হাদির মৃত্যুর পর রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, এই আসনে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনাও এখানেই ঘটেছে। তিনি ঢাকা-৮ আসনকে ‘মৃত্যুর উপত্যকা’ আখ্যা দিয়ে বলেন, এখানে আর কোনো প্রাণহানি দেখতে চান না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শহীদ ওসমান হাদির স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব তাদের কাঁধে। তিনি দাবি করেন, জীবনের ঝুঁকি জেনেও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রয়োজনে শহীদ হওয়ার মানসিকতা নিয়েই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
এই ঘোষণার মধ্য দিয়ে ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।