শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক সহানুভূতি ব্যবহার করে ঢাকা–৮ আসনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ইনকিলাব মঞ্চ কখনোই ক্ষমতার কাছে বর্গা হবে না এবং শহীদের রক্তকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করতে দেবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে জনভোগান্তি এড়াতে প্রতিটি সড়কের বাম পাশে বিকল্প ডাইভারশনের ব্যবস্থা করা হয়।
আব্দুল্লাহ আল জাবের বলেন, রাঘব বোয়ালদের সঙ্গে সমঝোতা করলে এই সরকার ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টিকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জুলাই সন্ত্রাসে জড়িত অনেকেই জামিন পেয়েছে এবং আইন উপদেষ্টাকে ‘মাননীয়’ বলতে লজ্জা হয়।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে, কিন্তু সুবিধাবাদী রাজনীতি নয়। জামায়াত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই আন্দোলনে অংশ নিতে পারেন—কারণ ইনসাফের লড়াই সবার।
হাদির মৃত্যুকে ব্যবহার করে কেউ যেন ভোট চাইতে না পারে—সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নব্য হাদিপ্রেমী সেজে সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ইনসাফের লড়াইয়ে প্রয়োজনে হাদির মতো আরও জীবন গেলেও এই আন্দোলন থামবে না বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।