চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–কে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। বেলা ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত জটিল। তিনি সংকটময় সময় পার করছেন। শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। দলীয় নেতাকর্মীরাও নিয়মিত হাসপাতালে এসে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত নানা জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তার চিকিৎসা নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
এদিকে ডা. জুবাইদা রহমানের হাসপাতাল পরিদর্শনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আবেগ লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো পরিবর্তন গণমাধ্যমকে জানানো হবে।