বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। দলীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার তিনি সিলেট সফরে যাবেন এবং সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হলেও তার নির্বাচনী এলাকা বগুড়া। তিন দিনের সফরে তিনি সিলেট ও বগুড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।
এর আগে রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা
আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি নিজের কক্ষে বসে নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
এদিকে নির্বাচন কমিশনের অনুমোদনের পর তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ভোটার হয়েছেন। বিএনপি সূত্র জানায়, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
রোববার রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর চিকিৎসার খোঁজখবর নেন। দলীয় নেতাদের মতে, ধারাবাহিক এই কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমান নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নামছেন।