জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন সময়ে দলটির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
‘আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই’ শিরোনামের ওই পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, এনসিপি গঠনের সময় দলটি গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা ও বাংলাদেশপন্থী রাজনীতির যে স্বপ্ন দেখিয়েছিল, সেটিই ছিল তার রাজনৈতিক আকাঙ্ক্ষা। ঘোষণাপত্র থেকে শুরু করে দলীয় সাহিত্যেও সেই আদর্শই প্রতিফলিত হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তবে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে শর্তসাপেক্ষে যুক্ত হওয়ার সিদ্ধান্তে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকেরা নিজেদের মূল বক্তব্য থেকে সরে এসেছেন বলে মনে করেন তিনি। বিশেষ করে, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণার পর জোটে যোগ দেওয়াকে তৃণমূল ও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রবঞ্চনা বলে উল্লেখ করেন নুসরাত তাবাসসুম।
এই প্রেক্ষাপটে তিনি জানান, নির্বাচনকালীন সময়ে নিজেকে এনসিপির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় রাখবেন এবং পরিস্থিতি পুনর্বিবেচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার এই ঘোষণায় এনসিপির অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।