জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানুষের আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের লেখেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজ এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন।’ তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিন বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াতের নেতৃত্বাধীন জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি। তিনি বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতেই আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই ঘোষণার পরপরই এনসিপির ভেতর ও বাইরে প্রতিক্রিয়া শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে জোট গঠনের বিষয়টি এনসিপির ঘোষিত আদর্শ ও আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকেই মনে করছেন। আব্দুল কাদেরের পোস্ট সেই অসন্তোষকেই আরও স্পষ্টভাবে সামনে এনেছে।
এদিকে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জোট রাজনীতি ঘিরে দলটির সিদ্ধান্ত ও নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।