ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন,
“শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে ও এ হত্যার বিচার না হলে আমরা ধরে নেবো এ হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।”
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে শহীদ শরিফ ওসমান হাদির গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম, হল সংসদের ভিপি আজিজুল হকসহ সংশ্লিষ্টরা।
সাদিক কায়েম বলেন, ওসমান হাদি বলে গিয়েছিলেন—“জান দেবো কিন্তু জুলাই দেবো না।” তিনি তার সেই কথার বাস্তব প্রমাণ রেখে গেছেন। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার ১৬ দিন পার হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ডাকসু ভিপি বলেন, “আমরা খবর পেয়েছি হামলার পাঁচ ঘণ্টার মধ্যে খুনি ভারতে চলে গেছে। দেশের এত ইন্টেলিজেন্স ফাঁকি দিয়ে সে কীভাবে গেলো? এ ঘটনার এত দিন পার হলেও সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারলো না।” এই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতেই হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো দিল্লির তাবেদারি চলবে না, ফ্যাসিবাদের জায়গা হবে না। ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। যারা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের সবাইকে আমরা দেখে নেবো।” তিনি স্পষ্ট করে বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই দেশেই হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ সময় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ওসমান হাদির লড়াই ইনসাফের লড়াই, জুলাই বিপ্লবকে পূর্ণতা দানের লড়াই, আধিপত্যবাদ বিরোধী লড়াই।” তিনি বলেন, এই সংগ্রাম দীর্ঘমেয়াদি এবং তা অব্যাহত রাখাই এখন সময়ের দাবি।