ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা ও আন্দোলনকারীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা থেকেই শাহবাগের শহীদ হাদি চত্বরে একে একে উপস্থিত হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে শনিবার রাতে এক ঘোষণায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, রোববার দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আন্দোলনকারীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব হুমকিতে তারা ভয় পান না বলেও জানান তিনি।
তিনি বলেন, শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই তারা রাজপথে নেমেছেন এবং ইনসাফের এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না। প্রয়োজনে একের পর এক জীবন উৎসর্গ হলেও আন্দোলন চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীরা দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।