জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা–এর পদত্যাগের পর এবার একই দল থেকে পদত্যাগ করেছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) ডা. তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর কিছু সময় পরই খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা–৯ আসনের মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার রক্ষা করতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।