প্রটোকলের চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং ওমরাহ পালন করছেন বলে জানান।
পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, তারেক রহমান বর্তমানে ‘প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক মনোযোগের কেন্দ্রে রয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি আবেগ, অনুভূতি এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি মুহূর্ত।
তিনি বলেন, এই বাস্তবতা উপলব্ধি করতে বিএনপির নেতা হওয়া জরুরি নয়; একজন সচেতন নাগরিক হিসেবেও বিষয়টি সহজেই অনুধাবন করা যায়। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার নিরাপত্তায় মানববর্ম গড়ে তুলতে পারেন, তবে বর্তমান পরিস্থিতিতে প্রটোকলের চেয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে তারেক রহমান সাধারণ ও সহজ চলাফেরার মানুষ হলেও বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন এবং ভিড় না করে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় সহায়তা হতে পারে।
গণমাধ্যমের ভূমিকাও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মিডিয়ার আগ্রহ স্বাভাবিক। তার আগমনকে কেন্দ্র করে একটি টেলিভিশন চ্যানেলে ৩০ কোটিরও বেশি কনটেন্ট ভিউ হয়েছে, যা জনআগ্রহ ও রাজনৈতিক গুরুত্বের স্পষ্ট প্রতিফলন।
তবে তিনি সতর্ক করে বলেন, তারেক রহমানের ব্যক্তিগত কর্মসূচি যেন অপ্রয়োজনীয়ভাবে প্রচার না করা হয়, কারণ এসব বিষয় সরাসরি তার নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত।
পোস্টের শেষাংশে মুশফিকুল ফজল আনসারী স্পষ্ট করে জানান, এসব মন্তব্য তার একান্ত ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত চিন্তার প্রতিফলন।