ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হবে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সব আলোচনা চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, “ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।” রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে আসন্ন নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা ও যৌথ কৌশল নির্ধারণ নিয়ে দুই দলের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সেই আলোচনার ফলেই জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে ইসলামী ও নাগরিক রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনাই এই জোটের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে এই জোট ঘোষণার আগমুহূর্তে এনসিপির ভেতরে ভিন্ন সুরও দেখা দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার পদত্যাগ এনসিপির অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত–এনসিপি জোট একদিকে যেমন নতুন নির্বাচনী সমীকরণ তৈরি করবে, তেমনি ভেতরের ভাঙনও দুই দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রোববারের আনুষ্ঠানিক ঘোষণার পর এই জোটের রূপরেখা ও নির্বাচনী কৌশল আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।