ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে জাতীয় পার্টি ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সবার জন্য সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারে তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ ঘোষণা দেন। তিনি বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কিন্তু এখনো সেটি আশানুরূপ নয়।”
প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জনগণের যেকোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল।”
তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব ইন্টেরিম সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি, সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।”
শামীম হায়দার পাটোয়ারী জানান, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে দলকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ ২৪৩ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা এখনো আশা করি, ইন্টেরিম সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ দলের শীর্ষ ও কেন্দ্রীয় পর্যায়ের বহু নেতা উপস্থিত ছিলেন।