দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় দিনেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ–এ পৌঁছেছেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হলেও পথে বিলম্ব হওয়ায় তার পক্ষ থেকে নেতাকর্মীরা আগেই স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে প্রাঙ্গণটি সাজিয়ে তোলা হয়। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয় এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।
এর আগে বৃহস্পতিবার স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।