বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে ভোটের মাধ্যমে তাদের এ দুটি পদে নির্বাচিত করা হয়।
সম্মেলনে দেশব্যাপী ছাত্রশিবিরের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়া ও আলোচনা শেষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।
নির্বাচিত হওয়ার পর শুক্রবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন নুরুল ইসলাম সাদ্দাম। পোস্টে তিনি লেখেন, “হে রব্বে কারিম! শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে সাদ্দামের পোস্টে মন্তব্য করেন ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। তিনি নতুন সভাপতির উদ্দেশে দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, আল্লাহ যেন তার নেতৃত্বে প্রিয় কাফেলাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন।
নতুন নেতৃত্বের শপথের মধ্য দিয়ে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।